নারীদের দক্ষতা বৃদ্ধিতে মনযোগী হবার আহ্বান

৬ আগষ্ট, ২০১৯ ১১:০৫  
নারীদের ফ্রিল্যান্সিং ও তথ্যপ্রযুক্তিতে পেশা গড়তে উৎসাহ দিতে একটি কর্মশালা করেছে বাংলাদেশ ইনোভেশন ফোরাম। কর্মশালায় নারীদের জন্য ফ্রিল্যান্সিং ক্যারিয়ারের নানা দিক উপস্থাপনের পাশাপাশি প্রযুক্তি বিষয়ে তাদের দক্ষতা বৃদ্ধিতে মরযোগী হবার আহ্বান জানানো হয়েছে। রাজধানীতে অনুষ্ঠিত (৩ আগস্ট) ওই কর্মশালায় দুইশতাধিক নারী অংশ নেন। কর্মশালায় অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন মহিলা সংসদ সদস্য নাজমা আক্তার, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল একাডেমির প্রধান সারওয়ার হোসেন, ইনোভেশন ফোরামের পরিচালক মাহমুদ মুসা ও সাদ্দাম হোসেন। আর প্রধান বক্তা ছিলেন সফল ফ্রিল্যান্স গ্রাফিক্স ডিজাইনার তাবিন্দা হোসেন। কর্মশালায় প্যানেল আলোচনায অংশ নেন উইমেন অ্যান্ড ই-কমার্স ফোরাম (উই) এর প্রেসিডেন্ট নাসিমা আক্তার নিশা, দ্য টু আওয়ার জব ডটকমের প্রধান সানজিদা খন্দকার, ডিজাইনার আফরোজা সিদ্দিকা, ইকমার্স সাইট স্পেশালিস্ট তানজিন আক্তার মুন। আলোচকরা উপস্থিত নারীদের সামনে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার নিয়ে সফল ক্যারিয়ার গড়ার উপর একটি প্রেজেন্টেশন প্রদর্শন করেন। এ জন্য প্রস্তুতি ধাপ, ট্রেনিং, আয়ের জন্য অনলাইন মার্কেটপ্লেসগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেন।